কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ডোবার পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগাছা এলাকার রন্জু মিয়ার সন্তান। আয়শা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। তার নানা আব্দুল খালেক বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় সমবয়সী আরো কয়েক জনের সাথে গোসল করতে নামে আয়শা। এসময় গভীর পানিতে সে ডুবে যায়। পরে অন্যান্যদের চিৎকারে একজন মহিলা এসে তার মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

